ঢাকা অফিস ॥ জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছাত্র-জনতার ওপর হামলা ও ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার (২৯ অক্টোবর)।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায়ের দিন নির্ধারণ করেন। এ মামলার অন্যতম প্রধান আসামি হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
মামলাটিতে হানিফ ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। বিচার চলাকালীন শুরু থেকেই এই চারজন আসামিই পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনে আসামিরা ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার নির্দেশ প্রদান ও ষড়যন্ত্রে সরাসরি যুক্ত ছিলেন, যার ফলশ্রুতিতে ছয়জনের প্রাণহানি ঘটে। ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে মোট তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
মামলার বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৫ সালের ৫ অক্টোবর প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা পরদিন ট্রাইব্যুনাল আমলে নেন। একই বছরের ২ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়। চলতি বছরের ২৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
এর আগে গত ১০ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি প্রথমবারের মতো রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সাক্ষী ও নথিপত্র উপস্থাপন করলে ট্রাইব্যুনালে পুনরায় শুনানি ও যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৭ অক্টোবর চূড়ান্ত যুক্তিতর্ক শেষে ট্রাইব্যুনাল মামলাটি পুনরায় রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
এই মামলায় প্রসিকিউশন চার আসামিরই সর্বোচ্চ সাজা দাবি করেছে। অন্যদিকে আসামিরা পলাতক থাকায় আইনি বাধ্যবাধকতা মেনে তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমির হোসেন মামলা পরিচালনা করেন এবং আদালতে আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেন।









