ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘ব্যাকটেরিওফাজ বায়োলজি অ্যান্ড জিনোমিকস ল্যাব’—এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড ফেজ উইক-২০২৬’ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে ওরাল প্রেজেন্টেশন ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করেন আয়োজকরা।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, (ভারঃ) রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান ও বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল, প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস সহ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস বলেন, বিশ্বজুড়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মারাত্মক সংকট হিসেবে দেখা দেওয়ায় এই সমস্যার সমাধানে বিজ্ঞানীরা বিকল্প উপায় খুঁজছেন।ব্যাকটেরিওফেজ হলো এমন এক ধরনের ভাইরাস যা নির্দিষ্ট ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে। এই ড্রাগ রেজিস্টেন্স সমস্যা মোকাবেলায় আমাদের বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে পরিচালিত ‘ফেজ বায়োলজি অ্যান্ড জিনোমিক্স ল্যাব’-এর মাধ্যমে গবেষণা চালিয়ে যাচ্ছি।ব্যাকটেরিওফেজ নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর বিশ্বে ২২শে অক্টোবর ‘বিশ্ব ফেজ দিবস’ এবং ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ‘বিশ্ব ফেজ সপ্তাহ’ পালিত হয়ে থাকে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত এই দিবস বা সপ্তাহটি পালিত হয়নি। তবে আমাদের একটি বিশেষায়িত ফেজ ল্যাব থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো এই দিনটি ও সপ্তাহটি উদযাপনের একটি দীর্ঘদিনের স্বপ্ন ছিল। তারই ধারাবাহিকতায় এই বিশেষ দিনটি ও সপ্তাহটি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, বিশ্ব ফাজ সপ্তাহ উপলক্ষ্যে কর্মসূচি আয়োজন করায় উক্ত বিভাগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছে বিশ্ববিদ্যালয় প্রসাশন। প্রতিনিয়ত নতুন নতুন ভাইরাস-এর প্রাদুর্ভাব হচ্ছে, সেগুলো নির্ণয় করতে নতুন নতুন প্রযুক্তির প্রয়োজন হচ্ছে, সে লক্ষ্যে ফাজ সম্পর্কে সকলকে অবগত করা; বিশেষ করে এই ডিসিপ্লিনে যারা পড়াশোনা করছে, গবেষণা করছে তাদেরকে সচেতন করার গুরুত্ব অনেক। আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার এখানেই আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি।
এর আগে, সোমবার (২৬ অক্টোবর) তিন দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বুধবার ব্যাকটেরিওফাজের মডেল প্রস্তুতকরণ, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে বলে জানা গেছে।









