বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কবুতর উড্ডয়ন, কেক কাটা, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরের থানাপাড়া এলাকায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মডেল মসজিদ এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়।
এদিকে সকাল ১১টা থেকে জেলার ছয় উপজেলা, পৌরসভার ২১টি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জড়ো হন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে কয়েক হাজার নেতা-কর্মী র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়। সাধারণ মানুষের নজর কাড়তে র্যালিতে হাতি ও ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়।
এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি ফুহাদ রেজা ফাহিম ও সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন ও জাকারিয়া আনছার মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ ও জব্বার মিলন, সাংগঠনিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি এবং দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনিক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে নেতা-কর্মীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বর্ণাঢ্য র্যালিতে হাতি ও ঘোড়ার গাড়ির উপস্থিতি আয়োজনটিকে বিশেষভাবে আকর্ষণীয় করে তোলে।
এসময় বক্তারা বলেন, বিগত ১৭টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ সুসংহত করতে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও দুস্থদের সহযোগিতা করা এবং সামাজিক ও পরিবেশগত উন্নয়নে অংশ নেওয়ার মাধ্যমে যুবদলের নেতা-কর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তাঁরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া বক্তারা সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।









