বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌর ০২ নং ওয়ার্ডে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে, গতকাল সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার এ অনুষ্ঠানের আয়োজন করেন। কুষ্টিয়া পৌর ২নং ওয়ার্ডের থানাপাড়া পুলিশ ক্লাব মোড়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। এতে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর কর্মময় জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, রাষ্ট্র পরিচালনায় তাঁর দূরদর্শী নেতৃত্ব এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে শান্তিপূর্ণভাবে তবারক বিতরণ সম্পন্ন করা হয়।
এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির পথপ্রদর্শক ছিলেন। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও দেশপ্রেমের মাধ্যমে তিনি বাংলাদেশকে উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিলেন। তার দেখানো পথে আজ তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দিন রাত পরিশ্রম করে চলেছেন। দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
