খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৭ই জুন ২০২৬, ২:৩৯ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন বিশ্বাস লেন (তেতুলতলা) এলাকায় পৌরসভার ইমারত নির্মাণ বিধিমালা উপেক্ষা করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনুমোদিত নকশা ও বিধি অনুসরণ না করায় এলাকার চলাচলের রাস্তা সংকুচিত হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা মোঃ রেজা পৌরসভার অনুমোদন নিয়ে ভবন নির্মাণকাজ শুরু করলেও নির্মাণের সময় নির্ধারিত সেটব্যাক ও রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা না রেখে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এতে রাস্তার প্রস্থ কমে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তারা ওই রাস্তা ব্যবহার করে আসছেন। বর্তমানে ভবন নির্মাণের কারণে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় পথচারী, মোটরসাইকেল ও জরুরি সেবার যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিতে পারে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসীর পক্ষ থেকে কুষ্টিয়া পৌরসভার প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগে নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করে পৌরসভার বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. রেজা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আমার মালিকানাধীন জমির একটি অংশ দখল করে পৌরসভার মাধ্যমে সেখানে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করেন। নির্মিত রাস্তার একটি বড় অংশ আমার জমির ওপর দিয়ে গেছে। এতে আমার বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা সংকুচিত হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আমি কুষ্টিয়া পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এখন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এছাড়া আমি পৌরসভার অনুমোদিত নকশা অনুযায়ী এবং প্রচলিত বিধি-বিধান মেনেই ভবন নির্মাণকাজ পরিচালনা করছি। কুষ্টিয়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য