কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ছেলে হত্যার বিচার চেয়ে অঝোরে কাঁদলেন বৃদ্ধ বাবা-মা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে ছেলে সাগরকে কুপিয়ে হত্যার এক মাস পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এবং মামলা তুলে নেওয়ার হুমকির মুখে অঝোরে কাঁদলেন বাবা আব্দুর রাজ্জাক ও মা। দ্রুত আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এই বিচারপ্রত্যাশী দম্পতি। গতকাল রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার।

সংবাদ সম্মেলনে সাগরের বাবা আব্দুর রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, ‘গত ৮ মার্চ কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রকাশ্য দিবালোকে আমার ছেলে সাগরকে প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে প্রবাল (৩৫) ও শান্ত (২৯), খাবিরুল ইসলামের ছেলে হৃদয় (২৮), মিনারুল ইসলামের ছেলে বিজয় এবং রাজ্জাক ড্রাইভারের ছেলে ইমনসহ ৮-১০ জন মিলে কুপিয়ে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ভিডিওচিত্রে সব স্পষ্ট দেখা যাচ্ছে। ঘটনার পর কুষ্টিয়া মডেল থানায় মামলা (মামলা নং-১৮) করা হলেও পুলিশ আজ পর্যন্ত একজন আসামিও গ্রেপ্তার করতে পারেনি

। তিনি আরো অভিযোগ করেন, ‘একাধিকবার পুলিশ ও র‌্যাবকে জানানো সত্ত্বেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য আমাদের পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’ সংবাদ সম্মেলনে নিহতের মা কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার ছেলেকে দিনের বেলায় কুপিয়ে মেরে ফেলা হলো, অথচ পুলিশ এখনো কাউকে ধরল না। আমি আমার সন্তান হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই।’ সংবাদ সম্মেলন চলাকালীন বৃদ্ধ এই দম্পতির আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

চলতি বছরের ৮ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় সাগরকে কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১০ মার্চ কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর