বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের চরকুঠিপাড়া ও চরআমলাপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন স্থানীয় মাদক বিরোধী মহিলা কমিটি ও ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার এস এম আতাউল ওসমান গণি, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম, বিএনপি নেতা শুভ, বিএনপি নেতা রাব্বু, বিএনপি নেতা সুমন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিউদ্দিন রতন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোকনসহ শতাধিক নারী-পুরুষ।
গতকাল শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এ মাদকবিরোধী অভিযানে চরকুঠিপাড়া ও চর আমলাপাড়া এলাকার প্রায় ৮ থেকে ১০টি বাড়িতে গিয়ে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন অংশগ্রহণকারীরা। এ সময় এলাকায় মাদক বিক্রি বন্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়। অভিযানে অংশগ্রহণকারীদের দাবি, যেসব ব্যক্তির বাড়িতে যাওয়া হয়েছে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
অভিযানের সময় তারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে আর মাদক ব্যবসা করবেন না বলেও অঙ্গীকার করেন। অভিযানকারীরা আরও জানান, পুনরায় এলাকায় মাদক বিক্রির অভিযোগ পাওয়া গেলে স্থানীয় নারী-পুরুষকে সঙ্গে নিয়ে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত বক্তারা চরকুঠিপাড়া এলাকাকে মাদকমুক্ত রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অভিযোগ রয়েছে, ওই এলাকার সবজি বিক্রেতা হাসিনা তার ছেলে, মেয়ে ও জামাইকে মাদক বিক্রি করতে বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। এরই প্রেক্ষিতে এই মাদক বিরোধী অভিযানে মাদক বিরোধী মহিলা কমিটির নেত্রী নার্গিস ও বুলবুলি তাকে বলেন, তোমার বড় মেয়ে আফরোজা ও তার স্বামী সাজিব এবং ছোট মেয়ে পলি ও তার স্বামী শ্রাবণ ও তোমার ছেলে হোসেন দার্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
আমরা এলাকাবাসী ও মাদক বিরোধী কমিটি ইতিপূর্বে তোমাদেরকে অনেক বার নিষেধ করেছি। তবুও তোমরা মাদক ব্যবসা বন্ধ করোনি। তাই শেষবারের মতো তোমাদেরকে মাদক ব্যবসা থেকে সরে আসতে অনুরোধ করছি। অন্যথায় মাদক বিরোধী মহিলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর গণপিটিশন দায়ের, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হবে।
