সবুজ আলী, খোকসা ॥ আসন্ন খোকসা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র পদপ্রার্থী হিসেবে আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় খোকসা উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। খোকসা উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মুর্শিদ আলম আনুষ্ঠানিকভাবে মেয়র পদপ্রার্থী হিসেবে খোকসা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাকের নাম ঘোষণা করেন।
প্রার্থী ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আব্দুর রাজ্জাক মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি। নির্বাচিত হলে খোকসা পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।” সভায় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম, নায়েবে আমির হাফেজ মুর্শিদ আলম, খোকসা পৌর জামায়াতের সাবেক সভাপতি আব্দুল বারিকসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং ইসলামী ছাত্রশিবিরের সদস্যরা।
