কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে রুমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৪ জুন) খোকসা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের থানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুমা খাতুন প্রবাসী জহুরুল ইসলামের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, স্বামী জহুরুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রুমা নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় তার বড় বোন ও ছেলে, স্বামী জহরুল তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। প্রতিবেশী নাজমা খাতুন বলেন, “জহুরুল বিদেশে যাওয়া-আসা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো। তবে আজ কী নিয়ে বিরোধ হয়েছে, তা আমি জানি না।” নিহতের বড় ছেলে রোহান জানায়, “আজ বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল। মা আমাকে ভালোভাবে লেখাপড়া করতে বলেছিলেন। মা মাঝে মাঝে রাগ করে ঘরের দরজা বন্ধ করে থাকতেন। তাই প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হয়। পরে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি মা ঝুলন্ত অবস্থায় আছেন।” রুমা খাতুনের বড় বোন জানান, “আমার বোনের মোবাইলে বিভিন্ন সময় কিছু লোক ফোন করে হুমকি-ধমকি দিত এবং ছাদে গিয়ে কথা বলতে বলত। এসব বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হতো। তবে কারা এসব করত, সে বিষয়ে তিনি কিছু জানাননি।”

এদিকে, স্বামী জহুরুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ায় কোনো বক্তব্য দিতে পারেননি। খোকসা থানার তদন্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি গলায় ফাঁসজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর