সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীর বাম তীরে ২০২৩ সালে নির্মিত প্রতিরক্ষা বাঁধে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে খোকসা কালীবাড়ি মহাশ্মশানের পেছনের অংশে, যেখানে পৌরসভার বর্জ্য পানি এসে পড়ে, সেই এলাকায় ব্লক ধসে যাওয়ার ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, ভাঙন দ্রুত রোধ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খোকসা কালীবাড়ি ও খোকসা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। এ বিষয়ে খোকসা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, “আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রাশেদুর রহমান জানান, “আমাদের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে করেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় চা ব্যবসায়ী রাশিদা বলেন, “দীর্ঘদিন ধরে এখানে আমাদের চায়ের দোকান। হঠাৎ বৃষ্টিতে দেখি সব ভেঙে যাচ্ছে। সবকিছু নষ্ট হয়ে গেলে আমরা কোথায় যাবো? দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।”বাঁধ এলাকায় ঘুরতে আসা মামুন বলেন, “আমি নিয়মিত এখানে আসি। জায়গাটা খুব ভালো লাগে।
কিন্তু হঠাৎ এই ভাঙন দেখে খুব খারাপ লাগছে। এখনই ভাঙন রোধ করা জরুরি।”গড়াই নদীর বাম তীর প্রতিরক্ষা কাজ” শীর্ষক প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ২০২১-২০২৩ অর্থবছরে বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পের প্যাকেজ নম্বর এজউচ-ড১৬ এবং এটি খোকসা, কুষ্টিয়া এলাকায় নির্মিত। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে “নুনা বিডি এল (জেভি)” কাজটি সম্পন্ন করে। বর্তমান পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
