সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় খোকসা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খোকসা উত্তর থানা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উত্তর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন খোকসা উপজেলা জামায়াতের আমির মো. নজরুল ইসলাম, কুষ্টিয়া ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইমরান বিশ্বাস, খোকসা উপজেলা জামায়াতের আমির হাফেজ মুরশিদ আলম এবং খোকসা উপজেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি ফজর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিলন মাহমুদ।
অনুষ্ঠানে খোকসা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এ সময় খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে যশোর শিক্ষা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী রণক হাসান বলেন, “এমন সংবর্ধনা পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।
এ ধরনের আয়োজন আরও বেশি করা উচিত। এতে পরবর্তীতে যারা পরীক্ষা দেবে, তারা অনুপ্রাণিত হবে। আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি।” প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আফজাল হোসেন বলেন, “মেধার পাশাপাশি সততা ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে। দুর্নীতির সঙ্গে নিজেরা জড়িত হবেন না। সবেমাত্র আপনাদের পথচলা শুরু হয়েছে। সামনে অনেক কঠিন পথ রয়েছে। সততা, ধৈর্য ও আল্লাহর ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে।









