কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি প্রেমের সম্পর্ক 

সবুজ আলী, খোকসা ॥ কুষ্টিয়ার খোকসায় চৈতি খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে খোকসা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের প্যারিস রোড সংলগ্ন মালিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত চৈতি খাতুন কুমারখালী উপজেলার রঞ্জিতহর গ্রামের ফরিদ শেখের মেয়ে। তার মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকেই তিনি নানা আজিজুর রহমান পেনুর বাড়িতে থেকে বড় হন। চৈতি খোকসা মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাবারের জন্য চৈতিকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে তার মামী ঘরের দরজার কাছে যান। পরে একটি ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে চৈতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হলে পুলিশকে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের নিয়ে দরজা ভেঙে চৈতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।

 

নিহতের মামী বিথি দাবি করেন, চৈতির সঙ্গে খোকসা সরকারি কলেজের সোহান নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারে জানাজানি হওয়ার পর তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছিল। এ কারণে চৈতি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তিনি ধারণা করছেন। তবে এ বিষয়ে সোহানের বক্তব্য জানা যায়নি।

 

চৈতির বান্ধবী লাবণ্য জানান, তারা একই সঙ্গে পড়াশোনা করতেন। চৈতি স্বভাবগতভাবে অনেকটা চুপচাপ ছিলেন এবং নিজের কথা সহজে কারও সঙ্গে শেয়ার করতেন না। সোহান নামে কারও সঙ্গে তার সম্পর্কের কথা তারা শুনেছিলেন বলেও জানান তিনি।

 

স্থানীয় সাবেক পৌর মহিলা কাউন্সিলর শিলা খাতুন বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে পুলিশ এসে দরজা ভেঙে চৈতিকে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং মরদেহ নিচে নামানো হয়।

 

খোকসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে চৈতিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

 

চৈতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশপাশের শত শত মানুষ ভিড় করেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর