খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ওষুধের দোকান থেকে জরিমানা আদায় এবং অবৈধ ওষুধ জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ বিন মনসুর এই অভিযান পরিচালনা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বাজারে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ওষুধের দোকান ও কোম্পানির প্রতিনিধিদের কার্যক্রম পরিদর্শন করা হয়। তল্লাশির একপর্যায়ে অনিয়ম ও অবৈধ ওষুধের সন্ধান মেলায় সেগুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি দোকানকে ১০ হাজার এবং অপর একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তৃতীয় আরেকটি দোকানের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট ওষুধ ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিদের সতর্ক করে জানান, ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে। অবৈধ ওষুধ বিক্রি কিংবা সংরক্ষণের কোনো সুযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের প্রমাণ মিললে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।









