ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়ার এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫জুন বিশ্ব পরিবেশ দিবস সফলভাবে উদযাপনের লক্ষ্যে কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া’র উদ্যোগে, গতকাল শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এতে সভাপতিত্ব করেন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়ার আহবায়ক ও জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল এবং সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামির হোসেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রোকসানা পারভীন, সদস্য সেলিম আহমেদ, সোহাগ মোল্লা, হৃদয় প্রমূখ। সভায় সংগঠনের সদস্যরা পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহর পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, সচেতনতামূলক র‌্যালি ও ক্লিন কুষ্টিয়া’ গ্রিন কুষ্টিয়া সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া’ দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন ও সবুজ কুষ্টিয়া গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহর পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম এবং তরুণদের পরিবেশবান্ধব কাজে সম্পৃক্ত করার মাধ্যমে সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে সংগঠনটির নানা উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে বলে আমি বিশ্বাস করি। প্রতিদিনই পরিবেশ রক্ষায় কাজ করতে হবে।

নিজেদের বাসা, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে। আমি আশা করি, ‘ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া’র এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় শুধু স্বেচ্ছাসেবী সংগঠন বা সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। আমরা চাই সকলের সম্মিলিত সহযোগিতায় কুষ্টিয়া জেলা একটি সুন্দর আধুনিক জেলা গড়ে উঠবে।