কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সরকারি কলেজে পরিসংখ্যানে মাস্টার্স কোর্স চালু: পরিদর্শন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সরকারি কলেজে পরিসংখ্যান বিভাগে মাস্টার্স (স্নাতকোত্তর) কোর্স চালুর লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্রতিনিধি, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আব্দুস সালাম আকন্দ। কলেজটির শিক্ষা পরিবেশ ও পরিকাঠামো পরিদর্শনের মাধ্যমে অনার্স (স্নাতক) পরবর্তী উচ্চশিক্ষার দীর্ঘদিনের দাবি পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলো প্রতিষ্ঠানটি।

পরিদর্শনকালে ওই প্রতিনিধি পরিসংখ্যান বিভাগের শিক্ষক মিলনায়তন, সেমিনার লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, আধুনিক শ্রেণিকক্ষ, শিক্ষক সংক্রান্ত নথি, সামগ্রিক শিক্ষা পরিবেশ, খেলার মাঠ এবং হাইজিন কর্ণার সমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতিতে ওই প্রতিনিধি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিভাগীয় তথ্যমতে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ এই বিদ্যাপীঠে পরিসংখ্যান বিভাগে স্নাতক (সম্মান) চালু থাকলেও দীর্ঘদিন ধরে মাস্টার্স চালু না থাকায় চরম ভোগান্তিতে পড়তেন স্নাতকোত্তর প্রত্যাশী শিক্ষার্থীরা।

বিশেষ করে উচ্চশিক্ষার জন্য অন্য জেলা বা দূরের বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করতে হতো তাদের। এই পরিদর্শন ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে শিগগিরই মাস্টার্স কোর্স চালুর চূড়ান্ত অনুমোদন মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেন কলেজ প্রশাসন। পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাঃ আব্দুল লতিফ, পরিসংখ্যান বিভাগের বিভাগীয়  প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ আমজাদ হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সরস্বতী রানী, প্রভাষক আসাদুজ্জামান, বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক ও অতিথি শিক্ষক মণ্ডলী।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ প্রতিবেদককে জানান, “দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মেধা বিকাশ ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে পরিসংখ্যানে স্নাতকোত্তর চালু করা সময়ের দাবি। আমরা প্রয়োজনীয় সকল অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। প্রতিনিধি দলের ইতিবাচক প্রতিবেদনের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অতি দ্রুত অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছি।” মাস্টার্স কোর্স চালু হলে কুষ্টিয়াসহ রাজবাড়ি, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার বহু শিক্ষার্থী নিজ এলাকাতেই সুলভে ও সহজে স্নাতকোত্তর সম্পন্ন করার সুযোগ পাবেন, যা এলাকার শিক্ষা সংস্কৃতিতে নতুন গতি সঞ্চার করবে বলে অভিমত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর