কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার দুই সাবেক এমপি’র বিরুদ্ধে দুদকের মামলা

নিজ সংবাদ ॥ সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে রবিবার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

 

মামলার এজাহার অনুযায়ী, সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ১ লাখ ৬৪ হাজার তিন টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

 

এজাহারে বলা হয়, সম্পদ বিবরণীতে সাবেক এই সংসদ সদস্য স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৮০২ টাকার সম্পদের তথ্য দেন। তবে দুদকের যাচাইয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ৮২ হাজার ২৮০ টাকা পাওয়া যায়। এতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

এজাহারের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সময়ে তার গ্রহণযোগ্য মোট আয় ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৬৪১ টাকা। এ সময়ে পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য খাতে তার মোট ব্যয় ছিল ৫৭ লাখ ২৭ হাজার ৩৬৪ টাকা।

দুদক জানায়, ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৬৪৪ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ১ লাখ ৬৪ হাজার তিন টাকা।

 

এজাহারে আরো বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের পর ২০২৫ সালের ৯ নভেম্বর সেলিম আলতাফ জর্জ তার সম্পদ ও দায়-দেনার বিবরণী দাখিল করেন। পরে ওই বিবরণী যাচাই করে দুদক তার বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে। কমিশনের প্রধান কার্যালয় গত ৮ অক্টোবর মামলার অনুমোদন দেয়।

 

অপরদিকে সম্পদের তথ্য গোপন করে ১ কোটি ৬৮ লাখ টাকা এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

রবিবার (১৮ অক্টোবর) দুদকের সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

 

মামলার এজাহার অনুযায়ী, কামারুল আরেফিন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও। তার বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮০১ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮ কোটি ৯ লাখ ১ হাজার ৪৮৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

 

এজাহারে বলা হয়, কামারুল আরেফিন তার দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৮ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ২৫১ টাকার সম্পদের তথ্য দেন। তবে দুদকের যাচাই ও অনুসন্ধানে তার নামে মোট ১০ কোটি ৬৫ লাখ ৬ হাজার ৫২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ১ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৮০১ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

 

এজাহারের তথ্য অনুযায়ী, ১৯৯৬-৯৭ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৮ কোটি ২৫ লাখ ৮ হাজার ৩৫২ টাকা। অন্যদিকে, তার মোট সম্পদের পরিমাণ এবং পারিবারিক খরচ, কর পরিশোধ, অন্যান্য ব্যয় ও স্ত্রীকে দান বাবদ ব্যয়সহ মোট ১৬ কোটি ৩৪ লাখ ৯ হাজার ৮৩৬ টাকা হিসাব করা হয়েছে।

 

এতে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৯ লাখ ১ হাজার ৪৮৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

 

এজাহারে আরও বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে টেন্ডার বাণিজ্য, পশুর হাট ও বালুমহাল ইজারা এবং ঠিকাদারি ব্যবসার নামে নিম্নমানের কাজ করে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার এবং নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও অনুসন্ধানের আওতায় ছিল।

 

উল্লেখ্য, ২০২৪ সালের  ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। অপরদিকে কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. কামারুল আরেফিন ২০২৪ সালের ৫ই আগস্টের পর ভারতে পালিয়ে যান এবং বর্তমানে তিনি ভারতেই অবস্থান করছেন বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর