বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় চাকরি মেলায় বিভিন্ন শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানের সাক্ষাৎকার শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে অন-স্পট প্রাথমিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান সম্প্রসারণে নিয়োগকর্তাদের সমন্বয়ে একটি ‘ইমপ্লয়ার্স কমিটি’ গঠন এবং সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে শিরোপা ডেভলপমেন্ট সোসাইটি (এসডিএস) আয়োজিত দিনব্যাপী ‘শিরোপা রেইজ জব ফেয়ার ২০২৬’-এ এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়ন এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় বাস্তবায়িত রেইজ (জঅওঝঊ) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ জেলার রেইজ প্রকল্পের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পন্ন করা ১৭৪ জন যুবক-যুবতীকে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগের সঙ্গে যুক্ত করাই ছিল মেলার মূল লক্ষ্য। সকালে অনুষ্ঠিত উদ্বোধনী সেমিনারে সভাপতিত্ব করেন শিরোপা ডেভলপমেন্ট সোসাইটির সভাপতি মো. আব্দুস ছালাম। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফের মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও রেইজ প্রকল্পের কেন্দ্রীয় প্রকল্প সমন্বয়কারী দিলীপ কুমার চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল লতিফ সেখ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামিউল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরবি গ্রুপের চেয়ারম্যান আলহাজ মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার চক্রবর্তী বলেন, পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ের যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের জব ফেয়ার দক্ষ জনশক্তি ও নিয়োগদাতাদের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করছে।
মেলায় ওয়ালটন, সিঙ্গার বাংলাদেশ, কিয়াম মেটাল, উডল্যান্ড, কেএনবি এগ্রো, এইচঅ্যান্ডএস কুকওয়্যার, এডিসন গ্রুপ, এক্সিকিউটিভ বিল্ডার্সসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের ৩০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রার্থীদের কারিগরি দক্ষতা অনুযায়ী বিভিন্ন বুথে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। আয়োজকরা জানান, সাক্ষাৎকার ও যোগ্যতা যাচাই শেষে নির্বাচিত প্রার্থীদের হাতে প্রাথমিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যৎ কর্মসংস্থান তদারকির জন্য সমন্বয় কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সমন্বয় করেন শিরোপা ডেভলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো. শহিদুল ইসলাম।
