খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই আগস্ট ২০২৬, ২:০ এএম

বিশেষ প্রতিনিধি ॥ সরকারের নির্বাচনী ইশতেহার “এক গ্রাম এক পণ্য, ফিরিয়ে আনবো হারিয়ে যাওয়া ঐতিহ্য” বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার চরমিলপাড়ায় স্থানীয় ঐতিহ্যবাহী বাজারের ব্যাগ উৎপাদনকারী কুটির শিল্প উদ্যোক্তাদের নিয়ে মাঠ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জেলা কার্যালয়, কুষ্টিয়া।
গতকাল সোমবার (৩ আগস্ট) বিসিকের উদ্যোগে চরমিলপাড়া এলাকায় সরেজমিন পরিদর্শন করে বাজারের ব্যাগ উৎপাদনকারী ২২ জন কুটির শিল্প উদ্যোক্তাকে চিহ্নিত করা হয়। এ সময় উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। বিসিক সূত্র জানায়, চরমিলপাড়ায় ব্যাগ উৎপাদনকে কেন্দ্র করে একটি শক্তিশালী কুটির শিল্পভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম গড়ে উঠেছে। উৎপাদনের বিভিন্ন ধাপে একই গ্রামের প্রায় ৪০০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী।
ফলে এ শিল্প শুধু স্থানীয় অর্থনীতিকেই গতিশীল করছে না, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মতবিনিময় সভায় উদ্যোক্তারা জানান, সরকারের সহজ শর্তে ঋণ, আর্থিক সহায়তা, আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষণ এবং বাজার সম্প্রসারণে সহযোগিতা পেলে তারা বর্তমান উদ্যোগ আরও বড় পরিসরে সম্প্রসারণ করতে পারবেন। একই সঙ্গে নতুন উদ্যোক্তা সৃষ্টি ও আরও বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিসিক কর্মকর্তারা বলেন, স্থানীয় ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিসিক উদ্যোক্তা চিহ্নিতকরণ, প্রশিক্ষণ, পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা এবং শিল্প উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন বিসিকের ডিজিএম আশানুজ্জামান মুকুল, উপ-মহাব্যবস্থাপক সোহেল রানা, সম্প্রসারণ কর্মকর্তা শাপলা খাতুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিসিক কর্মকর্তারা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সরকারি সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং বাজারজাতকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে কুষ্টিয়ার চরমিলপাড়ার ব্যাগ শিল্প দেশের অন্যতম সম্ভাবনাময় কুটির শিল্প হিসেবে গড়ে উঠবে এবং স্থানীয় পর্যায়ে আরও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য