কুষ্টিয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নেটওয়ার্কিং সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে নেটওয়ার্কিং সভা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২২, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থাপনা শক্তিশালী করার লক্ষ্যে কুষ্টিয়ায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। ব্লাস্টের সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশীদের সভাপতিত্বে জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. নাজমুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল লতিফ শেখ, সহকারী পরিচালক মোহাম্মদ মুরাদ হোসেন, অ্যাডভোকেট আ. স. ম আক্তারুজ্জামান মাসুম, খোকসা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন সুলতানা, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব ইউনুছ, দিশার সহকারী পরিচালক এম আর ইসলাম, ব্লাস্টের কো-অর্ডিনেটর শংকর কুমার মজুমদার এবং শালিস কর্মকর্তা অন্তরা মজুমদার, ইশতিয়াক প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিতে বিনামূল্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে অসহায়, নির্যাতিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের জন্য আইনি পরামর্শ, সহায়তা ও মানবিক সেবা প্রদানে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা বলেন, অনেক সময় নির্যাতনের শিকার ব্যক্তি ভয়, সামাজিক সংকোচ কিংবা নিরাপত্তাহীনতার কারণে প্রকৃত তথ্য প্রকাশ করতে চান না। এমনকি অনেক অভিভাবকও ভুক্তভোগীদের মুখ খুলতে নিরুৎসাহিত করেন। ফলে অনেক ঘটনা আড়ালেই থেকে যায় এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। বক্তারা আরও বলেন, সঠিক বিচার নিশ্চিত করতে হলে ভুক্তভোগীদের সাহসের সঙ্গে সত্য তথ্য তুলে ধরতে হবে এবং পরিবারকেও সহযোগিতামূলক মনোভাব নিয়ে পাশে দাঁড়াতে হবে।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। তারা নির্যাতন, সহিংসতা ও সামাজিক অবিচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য আইনি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে মানবিক সেবা সম্প্রসারণ এবং ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।