বিশেষ প্রতিনিধি ॥ সারা দেশে ক্রমাগত শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে কুষ্টিয়া পৌরসভা চত্বর। গতকাল রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়া পৌরসভার সামনে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে ‘ম্যাসফ রাইট ডিফেন্ডার্স নেটওয়ার্ক’, কুষ্টিয়া। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এবং কুষ্টিয়া মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা। মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
সমাবেশে মমতাজ আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মিজানুর রহমান লাকি, এসএম কাদেরী শাকিল, এম এ কাইয়ুম,শ্যামল কুমার চৌধুরী, আব্দুর রাজ্জাক, সালমা সুলতানা, এ্যাডঃ আব্দুর রশিদ রানা , ফিরোজ আহমেদ, ফেরদৌসী বেগম রুবী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, “দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ ও হত্যার মতো নৃশংস ঘটনা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। আইনের ফাঁকফোকর কিংবা বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যা সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়িয়ে দিচ্ছে।
এই সংস্কৃতির অবসান ঘটাতে হবে এবং প্রতিটি ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।” বক্তারা আরও বলেন, “একটি নিরাপদ ও শিশু-বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু আইনের ওপর ভরসা করলেই চলবে না। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত আইনের কার্যকর ও কঠোর প্রয়োগ জরুরি।” মানববন্ধনে অংশ নেওয়া আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল নানা প্রতিবাদী স্লোগান। এর মধ্যে—“ধর্ষক ও নির্যাতনকারীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি চাই”, “নারী ও কন্যাশিশুর প্রতি সকল নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন” এবং “চুপ থাকলে অপরাধ বাড়বে, প্রতিবাদ করুন” ইত্যাদি স্লোগান সংবলিত ফেস্টুন সবার দৃষ্টি আকর্ষণ করে। উক্ত কর্মসূচিতে সংশ্লিষ্ট সংগঠনের কর্মকর্তা, মানবাধিকার কর্মী ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত থেকে এই প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করেন।









