কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদক নিয়ন্ত্রণে ৯৭ গ্রেপ্তার, অভিযান বাড়লেও রয়ে গেছে চ্যালেঞ্জ 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলতি বছরের এপ্রিল মাসে ৯৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে মোট ১৮৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানের ভিত্তিতে ৯৭টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৮৪টি মোবাইল কোর্টের মাধ্যমে এবং ১৩টি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে।

গ্রেপ্তার হওয়া সবাইকে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। গত বছরের একই সময়ে জেলায় ৬৭টি মামলা ও ৬৭ জন গ্রেপ্তারের ঘটনা ঘটে। সেই তুলনায় চলতি বছরে মামলা ও গ্রেপ্তারের সংখ্যা বাড়লেও মাঠপর্যায়ের নিয়ন্ত্রণ ব্যবস্থা কতটা কার্যকর হচ্ছে—তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। মাদক উদ্ধারের তথ্যে দেখা যায়, চলতি এপ্রিল মাসে ৭ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৭৩০ পিস ইয়াবা এবং ১ হাজার ৪৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত বছরের একই সময়ে ইয়াবা ও গাঁজার পরিমাণ তুলনামূলক কম ছিল, তবে ট্যাপেন্টাডল উদ্ধারের হার প্রায় কাছাকাছি ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর ফেনসিডিল ও পেথিডিন ইনজেকশন উদ্ধার হলেও চলতি বছরে এসবের পরিবর্তে ট্যাবলেটজাত মাদক ও গাঁজার উপস্থিতি বেশি দেখা যাচ্ছে, যা মাদক বাজারে নতুন প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকের স্বাক্ষরিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিয়মিত অভিযান ও মোবাইল কোর্টের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। 

আইনশৃঙ্খলা সংশ্লিষ্টদের মতে, শুধুমাত্র অভিযান ও গ্রেপ্তারই যথেষ্ট নয়; বরং মাদক প্রবাহের উৎস, সীমান্ত ব্যবস্থাপনা এবং স্থানীয় চক্রগুলোর অর্থনৈতিক নেটওয়ার্ক চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া না গেলে নিয়ন্ত্রণ কার্যক্রম টেকসই হবে না। তাছাড়া স্থানীয় পর্যায়ে মাদক চক্রের পুনর্গঠন ও সরবরাহ চেইন ভাঙা এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে বলেও জানান তারা। বিশ্লেষকদের মতে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সমন্বিত নজরদারি, তথ্যভিত্তিক অভিযান এবং সামাজিক পর্যায়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর