বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার (৩ মে) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। দৌলতপুর উপজেলার রিফাইতপুর ও গোপালপুর গ্রামে দুপুরে পরিচালিত অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
তারা হলেন রিফাইতপুর গ্রামের মো. খাদেম মোল্লা (৪৭), গোপালপুর গ্রামের মো. শাহীন আলম (২৮) ও মো. রাজন আলী (৩৪)। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আসিফুজ্জামান ও মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠান।
একই দিন সকালে দৌলতপুর উপজেলার পার শিতলাই এলাকায় পৃথক আরেকটি অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ মোছা. নুরুন নাহার (৬০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ইকবাল হোসেন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অন্যদিকে কুষ্টিয়া ‘ক’ সার্কেলের আওতায় ইবি থানাধীন ধলনগরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ আরও একজনকে আটক করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
