খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৮ই জুলাই ২০২৬, ২:৫ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা ও “খ” সার্কেল অংশ নেয়।
জেলা কার্যালয়ের অভিযানে কুষ্টিয়া সদর, কুমারখালী ও মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে লক্ষ্মীপুর গোরস্থানপাড়া এলাকার মো. হাশেম মিয়ার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জসিম হোসেন, বাবলু হোসেন, খোকন শেখ ও রুবেলকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সিদ্দিকা মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের “খ” সার্কেলের পৃথক অভিযানে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনী এলাকায় নিজ বাড়ি থেকে ১০২ পিস ইয়াবাসহ মো. মামুন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরিদর্শক আসিফুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেন। একই দিনে “খ” সার্কেলের আরেকটি অভিযানে সদর উপজেলার পূর্ব মজমপুর ও মোল্লাতেঘরিয়া পূর্বপাড়া এলাকায় টাপেন্টাডল ট্যাবলেট ১০০ পিসসহ সুজন ও রিয়াদ মাহমুদ নামে দুইজনকে আটক করা হয়।
পরে পরিদর্শক খবির আহমেদ ও উপপরিদর্শক মো. ইকবাল হোসেনের প্রসিকিউশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন টিপু পরিচালিত মোবাইল কোর্টে একজনকে এক বছর ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য