বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) জেলা আইনজীবী সমিতির আয়োজনে শহরের পদ্মা ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান রূপক।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ খাইরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি ড. আনোয়ারুল ওহাব শাহীনসহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও আইনজীবীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা, আইনি জ্ঞান ও নৈতিকতার উন্নয়ন অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা নবীন আইনজীবীদের অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, আইন পেশায় তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, পেশাগত সততা ও দায়িত্বশীলতার গুরুত্ব অপরিসীম। নিয়মিত প্রশিক্ষণ ও জ্ঞানচর্চার মাধ্যমে নবীন আইনজীবীরা নিজেদের দক্ষ করে তুলতে পারবেন।
পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নবীন আইনজীবীদের হাতে সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।









