বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় নিজ বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের মানুষ। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়া মডেল থানার সামনে মানববন্ধন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ’।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা কমে যাওয়ায় এ ধরনের সহিংস ঘটনা উদ্বেগজনকভাবে সামনে আসছে। একজন শিক্ষার্থীর ওপর এমন নৃশংস হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে কাজ করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান তাঁরা।
বক্তারা বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া প্রতিরোধে শুধু অপরাধীর শাস্তি নিশ্চিত করলেই হবে না; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকেও দায়িত্ব নিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়াচ্ছে—সেদিকে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখা জরুরি।
তাঁরা আরও বলেন, শিশু-কিশোরদের হাতে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের বিষয়েও অভিভাবকদের সচেতন হতে হবে। প্রযুক্তির অপব্যবহার যেন তাদের বিপথে পরিচালিত না করে, সে বিষয়ে পরিবারকে সতর্ক থাকতে হবে। ছোটবেলা থেকেই সন্তানদের মানবিকতা, সহনশীলতা, নৈতিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দিতে হবে।
বক্তারা বলেন, একজন অপরাধীর শাস্তি যেমন জরুরি, তেমনি ভবিষ্যতে যাতে আর কোনো কিশোর অপরাধে জড়িয়ে না পড়ে, সে জন্য সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলাও প্রয়োজন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা আশা প্রকাশ করেন, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে। একই সঙ্গে সম্মিলিত সামাজিক উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের জন্য নিরাপদ, মানবিক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুন্দরম ললিতকলা একাডেমি, কুষ্টিয়ার পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষক মো. কবিরুল ইসলাম, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক তুলিকা বিশ্বাস, নাদ একাডেমি, কুষ্টিয়ার পরিচালক আকাশ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার প্রতিনিধি ফয়সাল পারভেজ, শিল্পী ও শিক্ষক শফিক জুয়েল, বিশ্বভরা প্রাণ কুষ্টিয়া শাখার সদস্য বিনোদ কুমার আগারওয়ালা, আবৃত্তিকার তিলোত্তমা বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, কিশোর অপরাধ দমন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।









