বিশেষ প্রতিনিধি ॥ তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। গতকাল শনিবার (২ মে) বিকেলে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে দেশব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি ভার্চুয়ালি বা সরাসরি উপস্থিত থেকে এই দেশব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার মোঃ তানভীর হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের সুপ্ত প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে। এই আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। চলবে আগামী ৬মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন হিসেবে নয়, বরং পেশা হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তার একটি অনন্য মাইলফলক। এর মাধ্যমে গ্রামীণ জনপদ থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হবে যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।
একই সময়ে সারাদেশের সকল জেলায় এই প্রতিযোগিতার কার্যক্রম একযোগে শুরু হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ও ফলাফল জানা যাবে সরকারি ওয়েবসাইট থেকে। কুষ্টিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় কিশোর ক্রীড়াবিদদের অংশগ্রহণে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়।
