কুষ্টিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এবং ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে, প্রতিপাদ্যে কুষ্টিয়ায় জমকালো আয়োজনে শেষ হলো “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গত ০২ মে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ খেলায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার খুদে খেলোয়াড়রা। টানা পাঁচ দিনের প্রতিযোগীতাপূর্ণ খেলায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের অংশগ্রহণে খেলা সম্পন্ন হয়। গতকাল বুধবার (৬ মে) উৎসবমুখর পরিবেশে খেলার সমাপনী দিনে সন্ধ্যা ৬টার দিকে খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পুরুস্কার বিতরণী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার হারুন অর রশীদ, কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি শামীম-উল হাসান অপু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন বলেন, এই আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তোলাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন হিসেবে নয়, বরং পেশা হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তার একটি অনন্য মাইলফলক। নতুন কুঁড়ি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক। কিশোর-কিশোরীদের সঠিকভাবে গড়ে তুলতে হলে শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধের সমন্বয় জরুরি।

এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত হচ্ছে, যা আগামী দিনে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে। তবে এখানেই থেমে থাকলে চলবে না, নিয়মিত অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে আরও এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে তোমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।