নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ৯১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৯০০ টাকাসহ মো. টুটুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত টুটুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বড় আইলচারা সরদারপাড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আবু বক্করের ছেলে। গতকাল রোববার (১৬ আগস্ট) রাত সোয়া ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বল্লভপুর মাছের আড়ৎ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করে। এ সময় মো. আবু বক্করের লেদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে টুটুল ইসলামকে আটক করা হয়। র্যাব জানায়, তার কাছ থেকে ৯১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রিলব্ধ নগদ ১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









