কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় অভিযানে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ

নিজ সংবাদ ॥ পরিবেশদূষণ রোধ ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় কুষ্টিয়া সদর উপজেলার নৃসিংহপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে মেসার্স এএসবি ব্রিকসের কিলন ও চিমনি স্কেভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

গতকাল সোমবার (৯ নভেম্বর) জেলা প্রশাসন কুষ্টিয়ার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। চলতি ইটভাটা মৌসুমে এটি ছিল অধিদপ্তরের পঞ্চম অভিযান। সদর উপজেলার ইবি থানার নৃসিংহপুর ও মনোহরদিয়া এলাকায় অবৈধভাবে পরিচালিত ইটভাটাটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

 

অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান। এ সময় পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়ার উপপরিচালক মো. এমদাদুল হক, সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েবসহ দপ্তরের অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া জেলা পুলিশ ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেন।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে কুষ্টিয়া জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর