কুমারখালী প্রতিনিধি ॥ ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদলের এক নেতার মামার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
তারা ওই গ্রামের মন্টু মোল্লার ছেলে তৌফিক আহমেদ লিখন (২২) ও মৃত ইকাদত শেখের ছেলে সুজা শেখ (৪৮)। এছাড়া, জুয়া, মাদকসহ বিভিন্ন মামলার আরও ১৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল পারভেজ, তাঁর মামা মহিদুল ইসলামের ছেলে আকাশদের সঙ্গে ছাগলাপাড়ার শাহিন, মিতুল ও লিখনদের সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়।
১ সেপ্টেম্বর বিকেলে শিমুলের সমর্থকরা পথ আটকে প্রতিপক্ষের আলম শেখকে মারধর করেন। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০-২০০ জন শিমুলের মামা মহিদুলের বাড়িতে হামলা, ভাঙচুর লুটপাট চালায়। এ ঘটনায় ৩ সেপ্টেম্বর রাতে ৯জনকে আসামি করে মামলা করে মহিদ্ধু । মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহ, যদুবয়রা, চাপড়া, নন্দলালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে কুমারখালী থানা পুলিশ।
অভিযানে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর মামলায় চারজনসহ বিভিন্ন মামলায় মোট ১৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জুয়া মামলার আসামিরা হলেন-শিলাইদহ ইউনিয়নের মৃত জামাল শেখের ছেলে নজরুল শেখ (৫৫), জুলমত আলীর ছেলে চাঁদ আলী (৫৪), মৃত আকবর আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫) ও মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুল আলিম (৩৫)।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ভাঙচুর মামলায় দুইজন, জুয়া মামলায় চারজনসহ বিভিন্ন মামলার ১৮ আসামিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক, জুয়া, অনলাইন জুয়াসহ সকল অপরাধ নির্মূলে পুলিশের জিরো টলারেন্স অভিযান চলছে।









