কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

কুমারখালী প্রতিনিধি ॥ জাল নোটের প্রচলন ঠেকাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সচেতন করতে কুষ্টিয়ার কুমারখালীতে জনসচেতনতামূলক কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে দুই ঘণ্টার এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখা। সহযোগিতায় ছিল সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা কমপ্লেক্স শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শাহেদ উর রহমান। সোনালী ব্যাংক পিএলসি, কুষ্টিয়া প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ সিদ্দিকী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, কুমারখালী এনসিপির আহবায়ক হেলাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা। বক্তারা জাল নোট প্রতিরোধে প্রচলিত আইন সংশোধনের দাবি জানান।

তাদের মতে, বর্তমান আইনে শাস্তি যথেষ্ট কঠোর নয়। ফলে অপরাধীরা বারবার একই কাজ করছে। একই সঙ্গে হাট-বাজার ও প্রান্তিক পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালানোর ওপরও গুরুত্ব দেওয়ার দাবি জানান তারা। সোনালী ব্যাংক পিএলসি, কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইব্রাহিমের সঞ্চালনায় জাল নোট বিষয়ে প্রজেক্টরে সচেতনতামূলক ডিসপ্লে প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সহকারী পরিচালক মো. শহিনুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শাহেদ উর রহমান বলেন, ‘জাল টাকা শুধু ব্যক্তির ক্ষতি করে না, পুরো অর্থনীতিকেই দুর্বল করে দেয়। এটা একটি সামাজিক ব্যাধি। তাই টাকা লেনদেনের সময় সবাইকে বাড়তি সতর্ক হতে হবে।’ তিনি আরও জানান, আসল নোট চেনার জন্য জলছাপ, নিরাপত্তা সুতা, উঁচু ছাপা ও মাইক্রো লেখা দেখতে হবে।

পাশাপাশি জাল নোট শনাক্তে ব্যাংকগুলোতে আধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, জাল টাকা তৈরি, বহন ও ব্যবহারÑতিনটিই দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধের তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর