খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২১ই জুন ২০২৬, ৩:৩৬ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদরের পাটিকাবাড়ি ইউনিয়নে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাটিকাবাড়ী বাজার কেন্দ্রিক সড়কের দ্রুত সংস্কার এবং কুমার নদ অভিমুখে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নফেরি’ আয়োজিত পাটিকাবাড়ী বাজার থেকে ক্লাব মোড় অভিমুখ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, পাটিকাবাড়ী বাজার এলাকার মূল সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে।
সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বক্তারা অবিলম্বে কুমার নদ অভিমুখে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানান। মানববন্ধন চলাকালীন ‘স্বপ্নফেরি’ সংগঠনের পক্ষ থেকে ৩ দফা ন্যায্য দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-পাটিকাবাড়ী বাজার কেন্দ্রিক সড়কের দ্রুত সংস্কার, কুমার নদ অভিমুখে আধুনিক ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং এলাকায় জলাবদ্ধতা নিরসন করে নিরাপদ চলাচল নিশ্চিতকরণ।
এসময় মানববন্ধনে অংশ নিয়ে, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, পাঠিকাবাজারকেন্দ্রিক সড়কের দ্রুত সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা প্রতিষ্ঠার দাবির সঙ্গে আমি পূর্ণ একাত্মতা প্রকাশ করছি। এই সড়কটি দিয়ে প্রতিদিন অসংখ্য শিক্ষার্থী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। তাই এটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। জনগণের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করব। সবাই ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে একসঙ্গে এগিয়ে যাব। তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে পাটিকাবাড়ির রাস্তা সংস্কারের আশ্বাস দেন তিনি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়, সে ক্ষেত্রে শুধু এই সড়ক নয়, আশে পাশে অন্যান্য সড়ক গুলোও সংস্কার করা হবে।
এছাড়া স্কুল কলেজ অবকাঠামো দরকার সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মানুষের জীবন মান উন্নয়নে যে ধরনের কাজ করার প্রয়োজন সে বিষয়ে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ সুবিধা অসুবিধার কথা জেনে আমাদের অবগত করলে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা জনগণের শতভাগ সুযোগ সুবিধা নিশ্চিত করবো। ‘স্বপ্নফেরি’ সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত পরিচালনায় এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ, ব্যবসায়ী, সুধীসমাজ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা ও সাধারন সম্পাদক শরিফুলসহ স্থানীয় নেতাকর্মী।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য