ইবি প্রতিনিধি ॥ আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। গতকাল মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, আগামী ২৩ মে থেকে ১০ জুন পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে, ২১ ও ২২ মে বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ায় দুদিন আগেই ছুটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। এদিকে ১১ ও ১২ জুন বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চালু হবে আগামী ১৩ জুন। এ হিসেবে, বিশ্ববিদ্যালয় ২৩ দিনের ছুটি থাকবে।
প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মে থেকে ৭ জুন পর্যন্ত মোট ১৫ দিন আবাসিক হল সূমহ বন্ধ থাকবে। আগামী শনিবার (২৩ মে) সকাল ১০টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন বলেন, ঈদের ছুটি উপলক্ষে আগামী ২৩ তারিখ সকাল ১০টা থেকে ৭ তারিখ সকাল ১০টা পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং এ বিষয়ে প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য নোটিশ দেওয়া হবে। হল খোলা রাখার দাবির বিষয়ে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী লাল ছুটির দিনগুলোতে হল বন্ধ থাকে। এসময় স্টাফদের ডিউটি করতে বাধ্য করা যায় না, ফলে কিছু সীমাবদ্ধতা তৈরি হয়। প্রত্যেক ছুটিতেই কিছু শিক্ষার্থী আপত্তি জানায়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মাত্র আট-দশজন শিক্ষার্থী হলে অবস্থান করে এবং মূলত তারাই এই চিল্লাপাল্লা বা দাবিগুলো তোলে।
শিক্ষার্থীরা টিউশনি বা ব্যবসার কথা বলে হলে থাকতে চায়; কিন্তু এর দায়ভার তো প্রভোস্টদের নেওয়ার কথা নয়। তিনি আরও বলেন, একাডেমিক ক্যালেন্ডার প্রভোস্ট কাউন্সিল তৈরি করে না, তারা কেবল ক্যালেন্ডার অনুসরণ করেন। হল খোলা রাখার ক্ষেত্রে প্রশাসনিক ও আর্থিক জটিলতার রয়েছে। লাল চিহ্নিত তারিখ গুলোতে ছুটিতে স্টাফরা কাজ করলে তাদের ওভারটাইম দিতে হয়। কিন্তু ইউজিসির অডিট আপত্তির কারণে বিশ্ববিদ্যালয় এখন ওভারটাইম বা ওভার ডিউটির কোনো বিল দিচ্ছে না। এমনকি গত জুলাই থেকে ছুটির দিনে কাজ করা স্টাফদের বিলও বকেয়া রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় আর্থিক সাপোর্ট পেলে হল খোলা রাখতে আমাদের সমস্যা নেই।
