ইউপি সদস্যকে লক্ষ্য করে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইউপি সদস্যকে লক্ষ্য করে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৭, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজিবুল ইসলাম (সাবান)-কে লক্ষ্য করে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপের মাধ্যমে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চক হারদি কাটাখালি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজিবুল ইসলাম (সাবান) চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার রাতে তিনি মালিহাদ ইউনিয়নের গোপীনাথপুর (পাগলা) বাজারে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সমর্থন কামনা করেন এবং নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগ শেষে রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে মোটরসাইকেলে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। ফেরার পথে চক হারদি কাটাখালি মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মোটরসাইকেল চালক জুয়েল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। তবে সৌভাগ্যক্রমে রাজিবুল ইসলাম (সাবান) ও মোটরসাইকেল চালক দুজনই প্রাণে রক্ষা পান। ঘটনার বিষয়ে রাজিবুল ইসলাম (সাবান) বলেন, গোপীনাথপুর (পাগলা) বাজারে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি এবং ভোট চেয়েছি। আমি বলেছিলাম, এক ভোট পেলেও নির্বাচনে অংশ নেব। বাজার থেকে ফেরার পথে আমাদের মোটরসাইকেলের প্রায় পাঁচ হাত সামনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আমরা হতভম্ব হয়ে পড়ি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারছি না।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তাদের ধারণা, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তবে তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউপি সদস্য রাজিবুল ইসলাম (সাবান)।