কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আব্দালপুরে ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার আব্দালপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া দেয় সুস্থ দেহ, সুন্দর মন প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলা আব্দালপুর এলাকার যুব সমাজ এই টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল ৪টার দিকে আব্দালপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২য় ম্যাচ খেলায় নাজিরপুর ও তৈলটুপি ফুটবল একাদশ অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলার আয়োজক কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন। দুই দলের অংশ গ্রহনে মাঠে আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দেয়।

মাঠজুড়ে ছিল দ্রুত পাসিং, দারুণ বল কন্ট্রোল এবং একের পর এক আক্রমণের ঝড়। ম্যাচের শুরুতেই নাজিরপুর একটি দৃষ্টিনন্দন সমন্বিত আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায়। তবে কিছুক্ষণ পরই তৈলটুপি দল সংগঠিত আক্রমণের মাধ্যমে দুর্দান্ত এক গোল করে ২-২ এ সমতা ফেরায়। এরপর উভয় দলই জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে। মাঝমাঠের দখল নিতে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, পাশাপাশি দুই প্রান্ত থেকেই একের পর এক আক্রমণ শানায় দুই দল। তবে শক্তিশালী রক্ষণভাগ, গোলরক্ষকদের অসাধারণ সেভ এবং ফরোয়ার্ডদের শেষ মুহূর্তের ব্যর্থতায় নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

স্নায়ুচাপের এই চূড়ান্ত পরীক্ষায় নাজিরপুরের খেলোয়াড়রা অসাধারণ ধৈর্য, আত্মবিশ্বাস ও নিখুঁত শটের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন। অন্যদিকে তৈলটুপি দলের কয়েকটি গুরুত্বপূর্ণ শট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তারা পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত ৬-৪ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে নাজিরপুর। ম্যাচটি ঘিরে আব্দালপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ। শত শত ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দর্শকদের করতালি, উল্লাসধ্বনি ও দলীয় সমর্থনে প্রতিটি মুহূর্তই ছিল উত্তেজনাপূর্ণ ও উপভোগ্য। দুই দলের খেলোয়াড়দের গতি, কৌশল, শৃঙ্খলা এবং জয়ের প্রতি অদম্য মানসিকতা দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে।

এসময় আয়োজক কমিটির সভাপতি মামুন বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন, ক্রীড়াচর্চা এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। পাশাপাশি প্রতিটি ম্যাচ সুশৃঙ্খল, প্রতিযোগিতামূলক ও মানসম্মতভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রুদ্ধশ্বাস এই জয়ের মধ্য দিয়ে নাজিরপুর দল টুর্নামেন্টের পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। অপরদিকে দারুণ লড়াকু পারফরম্যান্স প্রদর্শন করেও তৈলটুপিকে বিদায় নিতে হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর