বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সদর উপজেলার চৌড়হাস এলাকায় অবৈধভাবে পলিথিন উৎপাদনের দায়ে ‘নয়ন প্যাকেজিং’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা থেকে ৮৪৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের নিয়মিত পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ক) ধারা লঙ্ঘন করে নয়ন প্যাকেজিংয়ে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন করা হচ্ছিল। এ ঘটনায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আকতার।
অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার এবং প্রসিকিউটর হিসেবে পরিদর্শক নাসরিন সুলতানাসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। অভিযানে জব্দ করা ৮৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের স্টোরে সংরক্ষণ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









