অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

অফিস সহায়কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৬, ২০২৬

এসি ল্যান্ড অফিসে সাধারণ মানুষের ভোগান্তি

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর ভূমি অফিসের এসিল্যান্ড কার্যালয়ের অফিস সহায়ক নুরুজ্জামানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অভিযোগ করেন, কুষ্টিয়ার হাটশ হরিপুর এলাকায় তাঁর একটি জমির নাম খারিজ  করতে নুরুজ্জামান ৯ হাজার টাকা দাবি করেন। দীর্ঘদিন অফিসে ঘুরেও নিয়মিত প্রক্রিয়ায় কাজটি করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি ওই টাকা দেন।

পরে কয়েক দিনের মধ্যেই তাঁর জমির নাম খারিজ হয়ে যায়। ভুক্তভোগীর দাবি, যেখানে সরকারি ফি মাত্র ১,১৭০ টাকা, সেখানে বিভিন্ন খরচের অজুহাতে তাঁর কাছ থেকে ৯ হাজার টাকা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সৎভাবে কাজ করতে গেলে মাসের পর মাস ঘুরতে হয়, কিন্তু টাকা দিলেই কাজ হয়ে যায়। তিনি আরো অভিযোগ করেন, শুধু নুরুজ্জামান নন, ভূমি অফিসের আরও অনেকেই ঘুষ ছাড়া কাজ করেন না।

এতে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। এ অবস্থার প্রতিকার এবং সরকারি অফিসকে জনবান্ধব করার দাবি জানান তিনি। অভিযোগের সমর্থনে তিনি একটি ভিডিও প্রতিবেদকের কাছে দিয়েছেন। ওই ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি টাকা গুনছেন এবং একটি ছেঁড়া ৫০০ টাকার নোট বদলে নিচ্ছেন-যাকে ভুক্তভোগী নুরুজ্জামান বলে দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে নুরুজ্জামান বলেন, এই টাকা ঘুষের নয়, এটি সম্ভবত বেতনের টাকা। অনেক আগের একটি ঘটনার সঙ্গেও বিষয়টি সম্পর্কিত হতে পারে। আমরা কোনো ঘুষ নিইনি। আপনার ভিজিটিং কার্ড টি দিয়ে যান পরে যোগাযোগ করব।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, আমি যোগদানের পর থেকেই নগদ অর্থ বা ঘুষ লেনদেন না করার নির্দেশ দিয়েছি। তারপরও এ ধরনের অভিযোগ আসছে। নুরুজ্জামানের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।