ভেড়ামারায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় পানিতে ডুবে কিশোরের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৬, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ ভেড়ামারায় পশ্চিম বাহিরচর ১২ মাইল গ্রামের বৃত্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার মন্ডলের একমাত্র ছেলে মোঃ নকিব ইসলাম (১৫) গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল আনুমানিক ৫ টার সময় পদ্মা নদীতে  গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবার সূত্রে জানা যায়, নকিব ইসলাম সাঁতার জানতো না। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নকিব যখন পদ্মা নদীতে গোসল করতে নামে তার পাশেই বালি তোলার কাজ চলতেছিল। তাদের কথামতো বালির তোলার কারণে নদীর কিনারা খুব গভীর হওয়াতে খুব সহজে ডুবে যায়।

তাৎক্ষণিক এলাকার লোকজন পানিতে নেমে নকিবকে পানি থেকে টেনে তুলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ১০টায় স্থানীয় কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু একটি ভয়াবহ সমস্যা, যেখানে প্রতিদিন গড়ে ৪০-৫০ জন মানুষ প্রাণ হারায় এবং এর মধ্যে বেশিরভাগই শিশু। ২-৫ বছরের শিশুরা বেশি ঝুঁকির মধ্যে থাকে, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এই মৃত্যু প্রতিরোধে সাঁতার শেখা, নজরদারি এবং সচেতনতা অত্যন্ত জরুরি।