বিশেষ প্রতিনিধি ॥ বিশ্বকবি-দার্শনিক বাউল সম্রাট লালন শাহ-এর স্মরণে আয়োজিত লালন স্মরণোৎসব-২০২৬ উদযাপনকে ঘিরে কুষ্টিয়ায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন, পুলিশ সুপার, কুষ্টিয়া। সভায় লালন স্মরণোৎসব-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, দর্শনার্থীদের সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি বলেন, লালনের দর্শন ও মানবতাবাদী চেতনা দেশ-বিদেশে সমাদৃত। এই ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন উৎসব সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তর, আয়োজক কমিটি ও অংশীজনদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দেন। এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও লালন স্মরণোৎসব-২০২৬ উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর কুষ্টিয়ায় লালনের স্মরণে আয়োজিত এ উৎসবে দেশ-বিদেশের অসংখ্য বাউল শিল্পী, গবেষক ও দর্শনার্থী অংশ নেন।
