মিরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৩, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিবসটি শুরু হয় সূর্যোদয়ের সাথে সাথে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ও সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা দিয়ে। সকাল ১০টায় শহীদ মিনার চত্বর থেকে প্রভাতফেরি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। তিনি বক্তৃতায় বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।

১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের ভিত্তি স্থাপন করেছে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের কাছে চিরঋণী। এছাড়াও নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিযূষ কুমার সাহা, মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির খন্দকার রেজাউল করিম এবং জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী। উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর জামাল হোসেন পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফী।