শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে: জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে: জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা বিএনপি অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। একুশ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে  জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এর উপস্থিতিতে দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। পরে দলীয় নেতৃবৃন্দ শহিদ বেদীতে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় কুতুব উদ্দিন আহমেদ বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ জাতিকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে প্রেরণা জোগায়। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এছাড়া

প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, জব্বার সহ বহু শহিদদের আত্মত্যাগে আমরা বাংলা ভাষা পেয়েছি। সে সময় জাতীয়তাবাদী আদর্শে সকলে ১৪৪ ধারা ভঙ্গ করে আন্দোলন করেন। তাই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা মনে করি জনগনই আমাদের মূল শক্তি। দেশের মানুষের কল্যানে এই চেতনাকে ধারন করে আগামী দিনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মমর্যাদা রক্ষার প্রথম ঐক্যবদ্ধ সংগ্রাম। সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা বহু শহিদ তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য। তাঁদের সেই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে চির অম্লান হয়ে আছে এবং থাকবে।