খোকসায় নবনির্বাচিত এমপি আফজাল হোসেনকে সংবর্ধনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় নবনির্বাচিত এমপি আফজাল হোসেনকে সংবর্ধনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২১, ২০২৬

সবুজ আলী, খোকসা ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আফজাল হোসেনকে খোকসা উপজেলা জামায়াতের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে খোকসা উপজেলার প্রবেশদ্বার শেয়ালডাঙ্গী ও বিলজানি বাজার এলাকায় উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে জড়ো হতে থাকেন। পরে খোকসা উপজেলা জামায়াতের আমির মোঃ নজরুল ইসলাম ফুলেল শুভেচ্ছা দিয়ে নবনির্বাচিত এমপি আফজাল হোসেনকে বরণ করে নেন।

এ সময় নবনির্বাচিত এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর-ভেড়ামারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল গফুর। সংবর্ধনা শেষে নবনির্বাচিত এমপিকে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি খোকসা বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমপি আফজাল হোসেন বলেন, খোকসা বাসস্ট্যান্ডে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, নির্ধারিত শিডিউলের বাইরে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় না করে। তিনি আরও বলেন, “খোকসা ও কুমারখালী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যারা আমাকে ভোট দিয়েছেন তারা যেমন আমার বন্ধু, তেমনি যারা ভোট দেননি তারাও আমার বন্ধু।” এছাড়া তিনি মাদকমুক্ত খোকসা উপজেলা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে সভাপতিত্ব করেন খোকসা পৌর জামায়াতের আমির মোঃ আব্দুল বারিক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা জামায়াতের সেক্রেটারি আইনুদ্দিন, উপজেলা জামায়াত যুবশক্তির সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সদস্য জুবায়ের হোসেন, খোকসা উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ জামায়াতের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।