ভেড়ামারায় মাদকসহ ৫ জন মাদক সেবনকারী আটক - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় মাদকসহ ৫ জন মাদক সেবনকারী আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনরত অবস্থায় তিন পুরুষ ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার সময় উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডলপাড়ায় এই অভিযান চালানো হয়। অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সাতবাড়ীয়া মন্ডলপাড়ার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। এ সময় টাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাতবাড়ীয়া মন্ডলপাড়ার চিরঞ্জিত কুমার এবং ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মোছাঃ আবিদা।

এ ছাড়াও ভেড়ামারার পূর্ব সাতবাড়ীয়া এলাকার মোছাঃ ভানু বেগম ও মোঃ সিজান এবং বাহিরচর ১৬ দাগ এলাকার মোঃ তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে সোপর্দ করা হয়। ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায়ে মোছাঃ আবিদাকে এক বছর এবং মোছাঃ ভানু বেগম ও মো. তুহিনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চিরঞ্জিত কুমার ও মো. সিজানকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।