কথা দিচ্ছি, নেতা কর্মীদের এই শোক অচিরেই শক্তিতে পরিনত করব ইনশাআল্লাহ: প্রকৌশলী জাকির সরকার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কথা দিচ্ছি, নেতা কর্মীদের এই শোক অচিরেই শক্তিতে পরিনত করব ইনশাআল্লাহ: প্রকৌশলী জাকির সরকার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন কুষ্টিয়া-৩ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পরাজিত এমপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। তিনি বলেন, “কথা দিচ্ছি, নেতা-কর্মীদের এই শোক অচিরেই শক্তিতে পরিণত করব, ইনশাআল্লাহ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন জেলা বিএনপির সদস্য সচিব ও আসনটিতে সদ্যসমাপ্ত হওয়া নির্বাচনে এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

দিনব্যাপী পাটিকাবাড়ি, গোস্বামী দুর্গাপুর, ঝাউদিয়া, উজানগ্রাম, আলামপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সময়ে নেতাকর্মীদের মনোবল বাড়াতে এই কর্মসূচি পালন করেন তিনি। এ সময় জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “নির্বাচনের ফল আমাদের প্রত্যাশা অনুযায়ী আসেনি। তবে আমরা হতাশ নই।

গণতান্ত্রিক, আদর্শের সংগ্রাম কখনও থেমে থাকে না।” তিনি আরও যোগ করেন, “দলীয় নেতা-কর্মীরা যেন ভেঙে না পড়েন। আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আরও শক্তিশালীভাবে রাজপথ ও জনগণের পাশে থাকব। যেহেতু বিএনপি রাষ্ট্র পরিচালনা করতে যাচ্ছে, সে ক্ষেত্রে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমরা নতুন উদ্যমে কাজ শুরু করব। শোককে শক্তিতে রূপান্তর করে আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। এদিকে সভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নিয়ে তাদের নানা অভিজ্ঞতা ছিল। তবে ভবিষ্যতে সাংগঠনিক শক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।