বিশেষ প্রতিনিধি ॥ পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস এবং সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে জমজমাট কুষ্টিয়ার ফুলের বাজার। যেনো উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে কুষ্টিয়া। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বসন্তের প্রথম দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস। তার সাথে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে এ বছর আনন্দের মাত্রা যেন দ্বিগুণ। বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতেও ব্যাপক হারে ফুল কিনছেন সমর্থক ও সাধারণ মানুষ। শহরের থানা ট্রাফিক মোড়সহ বিভিন্ন ফুলের দোকানে শোভা পাচ্ছে লাল গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা ও গ্ল্যাডিওলাসসহ নানা প্রজাতির ফুল।
বিশেষভাবে তৈরি করা হয়েছে হৃদয় আকৃতির তোড়া, বসন্ত বরণের মালা ও শুভেচ্ছা কার্ড সংযুক্ত উপহারসামগ্রী। ফুল ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এই সময়টিকে ঘিরেই তাদের বছরের সবচেয়ে বেশি বিক্রি হয়। তবে এবার নির্বাচনের কারণে বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। শহরের ফুল বিক্রেতা নীলা ফুল ঘরের স্বত্বাধিকারী সুজন বলেন, ‘গত বছরের তুলনায় এবার পাইকারি বাজারে ফুলের দাম বেশি। পরিবহন ও সরবরাহ খরচও বেড়েছে। তাই খুচরা বাজারেও কিছুটা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।’ তবে তিনি বলেন, ফাল্গুন এবং ভালোবাসা দিবসের জন্য ভালো ব্যবসা হচ্ছে। এছাড়া নির্বাচন পরবর্তী দিন হওয়ায় বেচাবিক্রি বেড়েছে। তিনি জানান, একটা গোলাপ ৩০ থেকে ৬০ টাকা, রজনীগন্ধার স্টিক ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট-বড় তোড়া ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
আরেক ফুল বিক্রেতা সোনা মিয়া বলেন, ‘এবার গতবারের চেয়ে বিক্রি প্রায় দেড়গুণ। ’ নির্বাচনের বিজয় উদযাপনেও ফুলের বাড়তি কদর দেখা গেছে।’ স্থানীয় ব্যবসায়ী রাতুল বলেন, ‘আমরা এলাকার নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যাচ্ছি। তাই বড় তোড়া নিয়েছি। নির্বাচনের আনন্দে শহরে আলাদা আমেজ তৈরি হয়েছে।’ ক্রেতাদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। কলেজ শিক্ষার্থী রুম্পা বলেন, ‘পহেলা ফাল্গুন আমাদের সংস্কৃতির উৎসব। বন্ধুদের সঙ্গে বসন্ত বরণ করব, তাই পোশাকের সঙ্গে মিলিয়ে ফুল কিনছি।’ বসন্তের হলুদ আভা, ভালোবাসার লাল গোলাপ এবং নির্বাচনে বিজয়ের আনন্দ-সব মিলিয়ে এক অনন্য উৎসবমুখর পরিবেশে মুখর এখন কুষ্টিয়ায়। বসন্তের প্রথম দিনে ফুলের সুবাস ও মানুষের প্রাণচাঞ্চল্যে প্রাণ ফিরে পেয়েছে কুষ্টিয়া।
