কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনে পরাজয়ের পর দলীয় অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম এবং কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমতিয়াজ দিবসের পদ স্থগিত করা হয়। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, ছাত্রদল নেতা সাগির কুরাইশসহ তাদের সমর্থক এবং জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেলস্টেশনের প্ল্যাটফর্মে একটি চায়ের দোকানের কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলা বিএনপির পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল। দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল।