আমবাড়ীয়া ইউনিয়নে ব্যারিস্টার রাগীব চৌধুরীর গণসংযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আমবাড়ীয়া ইউনিয়নে ব্যারিস্টার রাগীব চৌধুরীর গণসংযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২৬

আজাদ সানি ॥ কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারী) আমবাড়ীয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দিনব্যাপী ধানের শীষের পক্ষে পথসভা ও ব্যাপক  গণসংযোগ করেছেন। আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম (নায়েব মেম্বার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা’র পরিচালনায় গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী রাগীব চৌধুরী স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। বিপুল পরিমান মানুষ তার সাথে পথসভা ও গণসংযোগে অংশগ্রহণ করেন এবং ধানের শীষে সমর্থন প্রদান করেন।  পথসভায় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় বক্তব্যকালে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। অতীতে এলাকার মানুষ রাজনৈতিক মামলার শিকার হলেও একজন আইনজীবী হিসেবে আমি সর্বদা তাদের পাশে ছিলাম।” তিনি আরও জানান, ধানের শীষ প্রতীকের মর্যাদা রক্ষার দায়িত্ব জনগণের। তিনি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং স্পষ্ট করে বলেন, তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। ধানের শীষ বিজয়ী হলে সকল নাগরিক সমান অধিকার পাবেন এবং অযথা মামলা-হয়রানির রাজনীতি বন্ধ হবে। তিনি আরও বলেন, “আমি রাজনীতি করি মানুষের জন্য।

আপনাদের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার লক্ষ্য। সবাই মিলে যদি ধানের শীষে ভোট দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে পারব ইনশাল্লাহ।” গণসংযোগ শেষে এলাকার সর্বস্তরের মানুষ ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে বিপুল সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- মিরপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, আমবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দৌলত আলী মন্ডল, সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন (মুনু মেম্বার), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক বকুল আলী, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মজিদ, মাসুদ মেম্বার, সোহেল রানা লিটন মেম্বার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রানা বিশ্বাস, সাধারণ সম্পাদক ইয়ার হোসেন প্রমূখ।