জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় সরকারি কর্মচারীদের বিক্ষোভ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬

রঞ্জুউর রহমান ॥ পে-স্কেল কোনো দয়া বা অনুগ্রহ নয় এটি প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য ও সাংবিধানিক অধিকার”এই দাবি সামনে রেখে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন এর আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিচার বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বর্তমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। ফলে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। অথচ রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। এছাড় সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ আলফাজ হোসেন, প্রধান সহকারী জেলা স্কুল মোহাম্মদ আহসান হাবিব, মোহাম্মদ মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া পৌরসভা মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ফেরদৌস ইসলাম এবং বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখার নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, জাতীয় পে-স্কেল বাস্তবায়ন কর্মচারীদের ন্যায্য দাবি, যা সংবিধান স্বীকৃত অধিকার। দ্রুত এই দাবি বাস্তবায়ন না হলে কর্মচারীরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।