দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও কার্তুজ উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২১, ২০২৬

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পৃথক অভিযানে মাঠ ও বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে সদর ইউনিয়নের চক দৌলতপুর ইনসানমোড় এলাকার মোকলেছুর রহমানের বাঁশবাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি কার্তুজসহ একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে আনুমানিক ৩টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নওদাপাড়া মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত অস্ত্রগুলো কে বা কারা সেখানে ফেলে গেছে তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি অস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।