এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বাদ আসর রিফায়েতপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মঙ্গল সরকারের উদ্যোগে দৌলতপুর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম রবিউল সরকারের বাড়ির আঙিনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা,
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মঙ্গল সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, বর্তমান সাংগঠনিক সম্পাদক মোঃ শের আলী সবুজ বিএনপি নেতা মতিউর রহমান, ফরাত আলী মাস্টার, দৌলতপুর কলেজের সাবেক অধ্যাপক মোঃ আমিরুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ সরকার মঙ্গলের সভাপতিত্বে প্রধান অতিথি রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা সাবেক সাধারণ সম্পাদক শহীদ সরকার মঙ্গলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মঙ্গল ভাই দীর্ঘ দিন দৌলতপুর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর থেকে আমাকে ভুল বুঝে দলীয় কার্যাক্রম থেকে নিস্ক্রিয় ছিলেন। দোয়া মাহফিলে দাওয়াত করায় মঙ্গল সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই সকল ভুল বোঝাবুঝি ভুলে গিয়ে দেশের স্বার্থে, দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রেজা আগামী ২২ তারিখ থেকে মঙ্গল সরকারকে ধানের শীষের প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে অনুরোধ জানান। শহীদ সরকার মঙ্গল বাচ্চু মোল্লার অনুরোধে সাড়া দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শত শত দলীয় নেতা কর্মীদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ ফারুক হোসেন।
